বাংলা নাটকের মাইল ফলক ‘নবান্ন’-র অনুসন্ধানে

সাল ১৯৪৩। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্টদের নির্মম আক্রমণের ভূরাজনীতি আর ঔপনিবেশিক শাসনের ভারতবর্ষে সেই সময়ে অবিভক্ত বাংলাদেশে কখনো খরা, কখনো অতিবৃষ্টি, বন্যা ও মহামারী। অসহায় ক্ষুধার্ত প্রান্তিক চাষিদের ওপর ব্রিটিশ সরকারের শোষণ এবং মুৎসুদ্দি, আড়তদার ও মহাজনদের লুটপাট চলছিল। অবিভক্ত বাংলার গ্রামে গ্রামে তখন হাহাকার আর মৃত্যুর মিছিল। শহরের পথে ‘ফ্যান দাও, ফ্যান দাও’ বলে মরণাপন্ন ভুখা মানুষের আর্তনাদ। অলিগলিতে পড়ে থাকত মৃত মানুষের লাশ। ঠিক সেই সময়ে শহুরে বাবু ও ভদ্রলোক সমাজ অল ইন্ডিয়া রেডিওতে ‘তুমি আজ কতদূরে…’ গানের সুরের মূর্ছনায় বিভোর।

এদিকে বাংলার গ্রামের মানুষ ক্রমশ ‘হিংস্র’ হয়ে উঠছে। জোতদার, আড়তদারদের ধানের গোলা লুট হচ্ছে। ইংরেজ সরকারের মিলিটারি ও পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ছে সাধারণ মানুষ। জমিদারের গুণ্ডা বাহিনীর হামলায় প্রাণ হারাচ্ছে কৃষিজীবী প্রান্তিক মানুষ। এমতাবস্থায় ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পি. সি. যোশীর উদ্যোগে প্রগতিশীল লেখক, চিত্রশিল্পী, নাট্যকর্মী, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতাদের নিয়ে ফ্যাসিবাদ বিরোধী একটি যৌথ মঞ্চ—’প্রগতিশীল লেখক ও শিল্পী সংঘ’ এবং ‘ভারতীয় গণনাট্য সংঘ’ স্থাপিত হল। এই প্রক্রিয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল ১৯৩০ সাল থেকেই। পি. সি. যোশীর অক্লান্ত পরিশ্রমে ধারাবাহিকভাবে একজোট হলেন কাজী নজরুল ইসলাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মুন্সী প্রেমচাঁদ, বিজন ভট্টাচার্য, শম্ভু মিত্র, তৃপ্তি ভাদুড়ী (মিত্র), ঋত্বিক ঘটক, মৃণাল সেন, উৎপল দত্ত, শোভা সেন, সলিল চৌধুরী, দেবব্রত বিশ্বাস, জসীমউদ্দীন, সৈয়দ সাজ্জা্‌ জহির, মুনীর চৌধুরী, নুরুল মোমেন, কাইফি আজমি, ফয়েজ আহমেদ ফয়েজ, বলরাজ সাহানি, সাদাত হাসান মান্টো, খাজা আহমেদ আব্বাস, জয়নুল আবেদিন, চিত্তপ্রসাদ প্রমুখ। ক্ষমা করবেন, তালিকা আরও দীর্ঘ হওয়ায় সবার নাম উল্লেখ করা গেল না।

১৯৪২ সালে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটল। সেই সঙ্গে ১৯৪৩ সালের ২৫শে মে ভারতীয় গণনাট্য সংঘ প্রতিষ্ঠিত হল। ১৯৪৪ সালে বিজন ভট্টাচার্যের ‘জবানবন্দি’ নাটিকার পূর্ণাঙ্গ রূপ পেল ‘নবান্ন’ নাটকে। শ্রীরঙ্গম মঞ্চে (পরবর্তীতে বিশ্বরূপা থিয়েটার) ১৯৪৪ সালের ২৪শে অক্টোবর গণনাট্য সংঘের ‘নবান্ন’ প্রথম অভিনীত হয়। প্রথম সাত দিন মঞ্চস্থ হওয়ার প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ নাটকটি মঞ্চস্থ করার অনুমতি দেয়নি। একটা প্রশ্ন পাঠকদের মনে উঠতেই পারে—১৮৭৬-এর নাট্যনিয়ন্ত্রণ আইনে কি ‘নবান্ন’ নাটক ইংরেজ সরকার নিষিদ্ধ করেছিল? নাটকের প্রেক্ষাপট তো দুর্ভিক্ষ, মহামারী, অনাহার ও ব্রিটিশ সরকারের তীব্র শোষণ! না, নিষিদ্ধ হয়নি। শর্তসাপেক্ষে লালবাজারে পাণ্ডুলিপি জমা দিয়ে বেশ কিছু সংলাপের অংশ সম্পাদিত করে নাট্যকার রূপকের আশ্রয় নিয়েছিলেন। তারপর ছাড়পত্র পেয়েছিল ‘নবান্ন’ নাটক ।

ঠিক যেমন একটি বিতর্কিত বিষয় ‘নীলদর্পণ’ নাটক। দীনবন্ধু মিত্র যখন বহাল তবিয়তে ইংরেজ সরকারের রাজকর্মচারী, তখন লিখলেন ‘নীলদর্পণ’ নাটক। পরে তা মঞ্চস্থ হল; শোনা যায় সেই সময়ে টিকিটের দাম ছিল দু’টাকা মাত্র। অনেক নাট্যব্যক্তিত্ব ও বুদ্ধিজীবী দাবি করেন ‘নীলদর্পণ’ নিষিদ্ধ হয়েছিল। এটি ভুল তথ্য; আসলে নিষিদ্ধ হয়েছিল ইংরেজি অনূদিত পাণ্ডুলিপিটি। অনুবাদ করেছিলেন রেভারেন্ড জেমস লং সাহেব (যাঁর নামে কলকাতার জেমস লং সরণি)। অনেকেই মনে করেন মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি অনুবাদ করেছিলেন। ‘আ নেটিভ’ ( A Native) ছদ্মনামে মাইকেল অনুবাদ করেছিলেন। আর সম্পাদক ও প্রকাশক ছিলেন জেমস লং। এ নিয়ে বিতর্ক আছে। = সে যাই হোক, এই ইংরাজি অনুবাদের কারণে জেমস লং সাহেবের কারাবাস হয়েছিল।

দুর্ভিক্ষপীড়িত আমিনপুর গ্রামের চাষিদের জীবনসংগ্রাম। মৃত্যু, হাহাকার, জমিদার-জোতদারের শোষণ, দু’মুঠো ভাতের আশায় গ্রাম থেকে শহরে এসে শহুরে বাবুদের মুখ ফিরিয়ে নেওয়া, আবার গ্রামে ফিরে গিয়ে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সবশেষে যৌথ খামার ও নবান্ন উৎসব।

নবান্ন নাটকের পরিচয়সূচি:

নাট্যকার: বিজন ভট্টাচার্য
পরিচালনা: বিজন ভট্টাচার্য ও শম্ভু মিত্র
প্রধান উপদেষ্টা: মনোরঞ্জন ভট্টাচার্য
প্রযোজনা: ভারতীয় গণনাট্য সংঘ, ৪৬ ধর্মতলা স্ট্রিট

চরিত্র চিত্রণ (সংক্ষিপ্ত):
আমিনপুরের বৃদ্ধ কৃষক: বিজন ভট্টাচার্য
কুঞ্জ সমাদ্দার: সুধী প্রধান
নিরঞ্জন সমাদ্দার: জলদ চট্টোপাধ্যায়
দয়াল মণ্ডল: শম্ভু মিত্র
হারু দত্ত: গঙ্গাপদ বসু
পঞ্চাননী: মণিকুন্তলা সেন
রাধিকা: শোভা সেন
বিনোদিনী: তৃপ্তি ভাদুড়ী (মিত্র)

তালিকা অতি দীর্ঘ হওয়ায় সবার নাম উল্লেখ করা গেল না। তবে তথ্য বলছে, ‘নবান্ন’ নাটকে প্রায় ৮০ থেকে ৮২ জন শিল্পী অভিনয় করেছিলেন। অস্বীকার করা যাবে না যে, ‘নবান্ন’ নাটকের প্রেরণায় বাংলার পথে পথে এবং পেশাদারি মঞ্চে বাংলা নাট্য আন্দোলন এক অন্য মাত্রায় পৌঁছে যায়। যেমন—১৯৪৬ সালে পেশাদারি মঞ্চে ‘নবান্ন’-র অনুপ্রেরণায় শিশির ভাদুড়ীর নির্দেশনায় তুলসী লাহিড়ীর লেখা নাটক ‘দুখির ঈমান’ শ্রীরঙ্গম মঞ্চে অভিনীত হয়। আমার জানা নেই শিশিরবাবু বা তুলসীবাবু কতটা কমিউনিস্ট বা বামপন্থী ছিলেন! ‘দুঃখীর ইমান’ সম্পর্কে তুলসীবাবু বলেছিলেন—”ধনতান্ত্রিক চরম পরিণতি মন্বন্তরের চিরবঞ্চিত অবজ্ঞার দল, যাঁরা ধনলোভীদের বলি হয়েছেন, তাঁদের ছবি আঁকতেই এই নাটকের সৃষ্টি। কৃতজ্ঞতা স্বীকারের জন্য নাটকটি উৎসর্গ করছি তাঁদের হাতেই।”

 উৎপল দত্ত তাঁর ‘আমার রাজনীতি আমার থিয়েটার’ বইতে নাটকের শিল্পকলা বা নান্দনিকতার কোনো প্রশ্ন উত্থাপন করেননি, বরং প্রভূত প্রশংসা করেছেন—”মঞ্চে সামান্য একটা চট ঝুলিয়ে ৮০-৮২ জন অভিনেতাদের অভিনয়! ক্রাউড সিন দেখে অবাক হয়ে গিয়েছিলাম…”। কিন্তু ‘বাংলা নাটকের ইতিহাস’ গ্রন্থে নাট্য ইতিহাসবিদ ড. অজিতকুমার ঘোষ মহাশয় বিজন ভট্টাচার্য ও তাঁর ‘নবান্ন’ নাটক নিয়ে ‘নীলদর্পণ’-এর সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ চালিয়ে গেলেন এবং গণনাট্য ও নবনাট্য নিয়ে ব্যাখ্যা দিলেন। গণনাট্য আন্দোলনের ইতিবাচক দিকগুলো ছুঁয়ে গেলেন মাত্র (বাংলা নাটকের ইতিহাস, পৃষ্ঠা ৪৮৬)।

 ‘নবান্ন’ নাটক নিয়ে ‘পরিচয়’ পত্রিকার পৌষ সংখ্যায় (১৩৫১ বঙ্গাব্দ / ইংরেজি ১৯৪৪-৪৫ সাল) লেখা হলো—”এ নাটক অত্যন্ত আলগা। শেষ অংশ পূর্ববর্তী অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, একেবারে তালগোল পাকিয়ে গেছে।” কমিউনিস্ট পার্টির অনেকের মত ছিল এ নাটক বন্ধ করে দেওয়ার। কিন্তু পি. সি. যোশীর বক্তব্য ছিল উল্টো—”যাঁরা গণনাট্যের আদর্শ মেনে নিয়েছে, তারাই স্বাধীনভাবে কাজ করুক আর ওরাই সিদ্ধান্ত নিক।” এখানে পি. সি. যোশীর “স্বাধীনভাবে কাজ করুক, ওরাই সিদ্ধান্ত নিক”—এই সিদ্ধান্তটি বিশেষ গুরুত্বপূর্ণ।

 ১৯৪৪ সালের ২৭শে অক্টোবর একই দিনে ‘যুগান্তর’ এবং ‘আনন্দবাজার’ পত্রিকায় নাটকটির প্রভূত প্রশংসা করে প্রতিবেদন ছাপা হল। ‘যুগান্তর’ পত্রিকা একে মুকুন্দ দাসের স্বদেশি যাত্রার সঙ্গে তুলনা করল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ভারতে আসা একজন সাধারণ ব্রিটিশ সৈনিক বিল বাটলারের ১৯৪৫ সালে বিজন ভট্টাচার্যকে লেখা চিঠি। চিঠির সারাংশ তুলে ধরলাম—”আমার বুঝতে অসুবিধা হয়নি কমরেডরা কী বোঝাতে চাইছিলেন… এই মহামারী ও দুর্ভিক্ষের অন্তরহীন মানুষের কঠোর নির্দয়তা। নাটকের শেষ উত্তরণ আমি ভারতে আসার পর আর দেখিনি। আমি একজন নিরীহ সৈনিক হিসেবে ভারতে বছর তিনেক ছিলাম। তখন জীবনের প্রকৃত অর্থ সম্পর্কে অবহিত ছিলাম না। ভারতীয় সৈন্যদের মধ্যে আমি সবসময় লক্ষ্য করেছি জীবনের ফুর্তি আর প্রাণশক্তি… ভারত যদি স্বাধীনতা লাভের মানসে জনযুদ্ধ গড়ে তুলত গণফৌজ সংগঠিত করে, তাহলে সে দৃশ্য কত সুন্দর হতো! পরাধীন ভারতে নয়, স্বাধীন ভারতে আবার দেখা হবে…”। (নাট্য আন্দোলনের ৩০ বছর, পৃষ্ঠা ২০)। তৎকালীন সময়ে গণনাট্য আন্দোলনের ফ্যাসিবাদ বিরোধী ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, সেই সময়ের প্রেক্ষিতে তা অস্বীকার করা যায় না।

 যাত্রাপালা ও লোকগীতির পরিসরেও এর বিশাল প্রভাব ছিল। বিশেষত ‘৪৩-এর দুর্ভিক্ষের পটভূমিকায় ব্রজকুমার দাসের ‘অকালের দেশ’ ও মন্মথ রায়ের ‘অকালের ডাক’ যাত্রাপালাগুলো যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু কোনো নাট্যবিশেষজ্ঞের লেখায় নুরুল মোমেনের ‘নেমেসিস’ নাটকের হদিস পেলাম না। ১৯৪৪ সালে লেখা একটি মাত্র চরিত্রের এই নাটকটি ‘শনিবারের চিঠি’ পত্রিকায় প্রকাশিত হয় এবং ১৯৪৮ সালে গ্রন্থাকারে প্রকাশ পায়। নাটকের মূল কাহিনী হল, একজন সৎ ও সমাজতন্ত্রে বিশ্বাসী মানুষ কীভাবে চোরাকারবারিতে পরিণত হল তা নিয়ে। নাটকটি সেই সময় তর্ক-বিতর্কের জন্ম দিয়েছিল।

সমসাময়িক কবিয়ালদের রচনায় গুরুত্বপূর্ণ পালাগান পাওয়া যায়। সিকান্‌দার আবু জাফরের গণসংগীত ও নাটক জনপ্রিয় হয়েছিল। পূর্ববঙ্গ ও উত্তরবঙ্গের জারি গানে দুর্ভিক্ষের বার্তা পাওয়া যায়। জসীমউদ্‌দীনের সংগৃহীত অনেক লেখায় দুর্ভিক্ষের করুণ গাথা লেখা আছে। বয়াতি-ফকির-দরবেশদের পদে বা গানেও তেতাল্লিশের মন্বন্তরের কথা উঠে এসেছিল, যেমনটা ছিয়াত্তরের মন্বন্তরের ক্ষেত্রেও দেখা গেছে। গ্রামীণ পারম্পরিক শিল্পীরা ‘অকালের জারি’ ও ‘মন্বন্তরের পালা’ নামে পালাগান গ্রামে গ্রামে গেয়ে বেড়াতেন।

শিল্পাচার্য জয়নুল আবেদিন

ফ্যাসিবাদ বিরোধী শিল্পীদের আন্দোলনের প্রসঙ্গে লিখতে গেলে জয়নুল আবেদিন আর চিত্তপ্রসাদকে বাদ দিয়ে এই লেখা শেষ করা সম্ভব নয়। ১৯৪৩-এর মন্বন্তরকে যিনি তাঁর তুলির আঁচড়ে বিশ্বদরবারে চিরস্থায়ী দলিল হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, তিনি শিল্পাচার্য জয়নুল আবেদিন। তৎকালীন কলকাতা আর্ট স্কুলের এই তরুণ শিক্ষক যখন দেখলেন শহরের ফুটপাতে মানুষ আর কুকুর একই ডাস্টবিন থেকে উচ্ছিষ্ট কুড়িয়ে খাচ্ছে, তখন তাঁর নিসর্গপ্রেমী মন বিদ্রোহী হয়ে উঠল। দামি ক্যানভাস বা রঙের তোয়াক্কা না করে সস্তা বাদামি প্যাকিং কাগজে চিনে কালি আর শুকনো তুলির (ড্রাই ব্রাশ) দ্রুত আঁচড়ে তিনি এঁকে চললেন একের পর এক দুর্ভিক্ষের স্কেচ। হাড়জিরজিরে কঙ্কালসার মানুষ, ভাতের ফ্যানের জন্য হাহাকার, আর মৃতদেহের ওপর কাক-শকুনের বসার সেই মর্মস্পর্শী চিত্রমালা ব্রিটিশ সাম্রাজ্যবাদের মুখোশ খুলে দিয়েছিল। ১৯৪৪ সালে কলকাতায় অনুষ্ঠিত প্রদর্শনীতে তাঁর এই ‘দুর্ভিক্ষের চিত্রমালা’ সাধারণ মানুষ থেকে শুরু করে প্রগতিশীল বুদ্ধিজীবী মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করে। ইলা সেনের ‘ডার্কেনিং ডেজ’ (Darkening Days) বইয়ের প্রচ্ছদেও তাঁর আঁকা দুর্ভিক্ষের ছবি ব্যবহৃত হয়েছিল, যা পরবর্তীতে ব্রিটিশ সরকার নিষিদ্ধ করে। জয়নুল আবেদিনের সেই কালো কালির রেখাগুলো যেন তুলি দিয়ে লেখা এক একটি ‘নবান্ন’ নাটক।

অন্যদিকে, চিত্তপ্রসাদের কথাও সমানভাবে উল্লেখযোগ্য। প্রথমত, চিত্তপ্রসাদ কোনোদিনই নিজের ‘ভট্টাচার্য’ পদবি ব্যবহার করেননি। সমস্ত লেখা এবং অঙ্কনচিত্রে তিনি কেবল ‘চিত্তপ্রসাদ’ নামটিই ব্যবহার করেছেন। পি. সি. যোশীর পরিচয়পত্র নিয়ে বোম্বাই থেকে কলকাতার পার্টি অফিসে এলেন। ওখানে কিছুদিন থেকে পোস্টার আঁকলেন, কিন্তু বেশি দিনের ঠাঁই মিলল না। অবশেষে চলে গেলেন মেদিনীপুর। সেখানে গ্রামে গ্রামে ঘুরে বন্যা ও দুর্ভিক্ষপীড়িত মানুষের সাথে একাত্ম হয়েছেন, কথা বলেছেন এবং মৃত্যুর মিছিল দেখেছেন।

চিত্তপ্রসাদ
Halisahan, Chittaganj, 1944 © Chittaprosad Archives

তাঁর ‘হাংরি বেঙ্গল’ (Hungry Bengal) দুর্ভিক্ষনামায় সেই বিবরণ হয়ে উঠেছে এক জীবন্ত দলিল। তাই তাঁর লেখায়, কবিতায় ও ছবিতে বারবার ঘুরেফিরে আসে সেই ‘মৃত্যু’—

“তারপর দেখেছি দুর্ভিক্ষ সড়ক / দেখেছি মরবার দু’মিনিট আগে / খুন হয়ে যাওয়া অন্তঃসত্ত্বা কন্যার দু’চোখে…”

১৯৪২-এর শেষে যোশীর ডাকে ফিরে গেলেন বোম্বাই। সেখানে তেলেঙ্গানা সংগ্রামের ছবি আঁকা শুরু হল। ‘পিপলস এজ’ ও ‘পিপলস ওয়ার’ পত্রিকায় অজস্র ছবি আঁকলেন। তারপর পার্টির অভ্যন্তরীণ নানান বিতর্কে পার্টির সঙ্গে সম্পর্ক মুছে গেল। অনেকেই সেই সময় পার্টির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলেন, সেটাও এক লম্বা তালিকা। এই প্রসঙ্গ আপাতত আলোচনার বিষয় নয়।

চিত্ত্রপ্রসাদের ছবিতে দুর্ভিক্ষের ফলশ্রুতি

‘হাংরি বেঙ্গল’ প্রকাশ হওয়ামাত্র ব্রিটিশ সরকার তার সমস্ত কপি নিষিদ্ধ ঘোষণা করে পুড়িয়ে দেয়। বইটি চোখে দেখার মতো সুযোগ খুব কম লোকেরই হয়েছে। শরাফ আতহার আলি ছিলেন বইটির প্রকাশক। প্রকাশকের ঠিকানা: রাজভবন, স্যান্ডহার্স্ট রোড, ১৯০ বি খেতওয়াড়ি মেইন রোড, মুম্বাই-৪; নিউ এজ প্রিন্টিং প্রেস। দাম ৩ টাকা। প্রচ্ছদে ক্ষুধার্ত অবসন্ন এক মহিলা ও শিশুর ছবি, পাশেই রয়েছে শূন্য হাঁড়ি। এই ছবিটার ওপর মোটা আঁচড়ে লেখা রয়েছে ‘HUNGRY BENGAL’ কথাটা। একদম নিচে টাইপ করা লেখা রয়েছে—’A tour through Midnapur District. By Chittaprosad’। ডিমাই ১/৪ সাইজে ছাপা। উল্লেখ্য ‘হাংরি বেঙ্গল’ নামে তরুণ আইরিশ-বাঙালি লেখক ও গবেষক জনম মুখোপাধ্যায়েরও একটি বই আছে। যেটি তেতাল্লিশের দুর্ভিক্ষ নিয়ে বিশদ গবেষণার ফসল। তিনি দেখিয়েছেন কীভাবে ব্রিটিশ ও মারোয়াড়ি বানিয়ারা বাংলার মানুষকে ক্ষুধার্থ করে গণহত্যা চালিয়েছিল। জনমের এই কাজটি মূলত ছিল তাঁর পোস্ট ডক্টরাল থিসিস।

বন্যার ও দুর্ভিক্ষের একটি প্রত্যক্ষ বিবরণ পাওয়া যায় জনৈক মেদিনীপুরবাসীর লেখায় (সৌজন্যে: যোগসূত্র পত্রিকা)। অনেক বড় লেখা, লেখকের বয়স ১৯৪৩-এ খুব বেশি হলে ১৩ কি ১৪ বছর হবে। ওনার লেখায় পাই এক প্রান্তিক মানুষের যাপনের চিত্র, যা ‘নবান্ন’ নাটকেরই মূল বিষয়বস্তু। তার সামান্য অংশ তুলে ধরলাম—

সপ্তমীর ঝড়ে সমুদ্রের জল যে বেড়েছিল, সেই জলের ধাক্কায় সমুদ্রের পাশে যে ৩০ ফুটের বাঁধ ভেঙে গিয়েছিল, সেই বাঁধের পাশে ছিল বেঙ্গল সল্ট ফ্যাক্টরি। সেখানে অনেক মানুষ আশ্রয় নিয়েছিল। ফ্যাক্টরিটা ছিল দোতলা বাড়ির সমান। সেই বাড়িতে যাঁরা আশ্রয় নিয়েছিলেন, তাঁদের আর খুঁজে পাওয়া যায়নি। এমনকি সেখানে যে পাকা বাড়ি ছিল, তার চিহ্নও আর খুঁজে পাওয়া যায় নাই…

লেখকের নাম শ্রী ভাস্কর জানা। গ্রাম: কালিন্দী, পোস্ট: কালিন্দী, থানা: রামনগর, জেলা: মেদিনীপুর। শ্রী ভাস্কর জানা ১৯৯১ সালে আনন্দবাজার পত্রিকায় শ্রমজীবী কর্মচারী ছিলেন, তখন তাঁর বয়স ছিল ৬০।

বাংলা বারবার মার খেয়েছে সেই ১১৭৬ বঙ্গাব্দ বা ১৯৭০ খ্রিস্টাব্দে মন্বন্তর থেকে ১৩৫০ বঙ্গাব্দ বা ১৯৪৩ খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ পর্যন্ত প্রায় দু’কোটি গরিব প্রান্তিক বাঙালির প্রাণ গেছে। অতীতে মারাঠা বর্গীদের  ভূমিকা কি ছিল পাঠকরা খুব ভাল ভাবেই জানেন। খুব ঘেন্না হয় মেকলিও ইংরেজি শিক্ষায় শিক্ষিত দুপাতা ইংরেজি জানা নবজাগরণীয়া বাবুরা যখন ইতিহাস বিকৃত করে। ভারতে তুর্কি, পাঠান, মুঘলরা শাসন করেছে। প্রজা শোষণ করেনি এমনটা নয় বাইজিবাড়ি বানায়নি এমনটাও নয়। কিন্তু এখানেই থেকে গেছে। নিজেদের ভাষা সংস্কৃতি ধর্ম জোর করে চাপিয়ে দেয়নি, দিলে ভারতে হিন্দুরা সংখ্যগুরু থাকতো না। লুট করে নিয়ে যায়নি। আবার এটা মনে করিয়ে দেওয়া উচিত বাংলার সুলতানি যুগ ছিল স্বর্ণযুগ। বিশেষত হোসেন শাহীর জমানা। বাংলার কৃষ্টি, সংস্কৃতি থেকে সামাজিক জীবনে তাঁর জমানা প্রভূত ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে। কিন্তু ব্রিটিশ ইংরেজরা জ্ঞান সম্পদ কাঁচামাল লুটের পর লুট করে গেছে শিল্প বিপ্লবের অছিলায়। আর তাঁদের ভেরুয়া পোষ্য সাংস্কৃতিক মুৎসুদ্দিবাবুরা নায়েব চাকর হয়ে পা চেটে গেছে।

দেশ ভাগে যাঁরা কাঁটা তারের বেড়ার দাগ পিঠে নিয়ে এপার থেকে ওপার আর ওপার থেকে এপারে এসেছিলো সেখানেও মিথ্যাচার। গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালী নিয়েও মিথ্যাচার। সব দায় মুসলমান সম্প্রদায়ের ঘাড়ে চাপিয়ে। নিজেদের হাতের রক্ত ধুয়ে মুছে ফেলার চেষ্টা-

“ স্বাধীন হয়নু ঘর হারাইনু নাই আর ভিটা মাটি পরত ভুয়ত বাস করিয়া পরত ভুয়ত খাঁটি দিন মানে সেই আড়াই টাকা মজুরি পাইয়া মাইয়া ছাওয়াল রুটি চাবাই আধারৎ বসিয়া…”

 (নিবারণ পণ্ডিত)

আজকের প্রেক্ষিতে গণনাট্য আন্দোলন ও ‘নবান্ন’ নাটক নিয়ে আলোচনা করতে গেলে যেটা বলতে হয় উপরমুখো থুতু ফেললে নিজের গায়ে পড়বে। ২০২৬ এখন হিন্দু বঙ্গাল। হিন্দি-হিন্দু হিন্দিস্তানের আগ্রসন। নীরবে পশ্চিম বাংলার ৯০ লক্ষ মানুষের ন্যায্য ভোটাধিকার কেড়ে নিয়ে রক্তপাতহীন গণহত্যা। ভারত এখন ক্ষুধা সূচকে ১২২-এর মধ্যে ১০০। সেখানে আজকের স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র ১২২-এর মধ্যে ৮৪। বাংলার সম্পদ লুটের ভাগাভাগি আরম্ভ হয়ে গেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানিতে বদলে গেছে। পশ্চিম বাংলা কি লিখবে, “পঞ্চাশে লাখ প্রাণ দিছি মা বোনেদের মান দিছি সাদা হাতির কালা মাহুত তুমিই না…” কিংবা সুকান্তর ভাষায় নবান্নের গান- “এই হেমন্তে কাটা হবে ধান আবার শূন্য গলায় ডাকবে ফসলের বান…’’। বাংলার নাট্যপন্থী বুদ্ধিজীবীরা রানুছায়া মঞ্চে ব্যস্ত। লাল-নীল সেন-মুখুজ্যে-পালুধীরা গোপনে নাগপুরের রাজার অণ্ডকোষে তৈলমর্দনে ব্যস্ত। নাহলে কী আর ২০১১ সালে তথাকথিত বামেদের ভোট ৪২% থেকে ২০২৬ সালে ৪. ৫% এ নেমে আসে! আর কত নীচে নামবে? ফলে বাংলায় এখন নবান্ন উৎসবের ভবিষ্যৎ খুবই করুণ। তবু আশায় বাঁচে চাষা, কিছু তো মানুষ এখন আছে যাঁরা হয়তো ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরির জন্য সলতে পাকাচ্ছেন।  

মনে পড়ছে সেই আপোষহীন শহীদ কবি সরোজ দত্তর কথা তাঁর ‘আমি’ কবিতার ছোট্ট একটা অংশ দিয়ে ইতি টানি যিনি বাংলার তথাকথিত মুৎসুদ্দি নবজাগরণকে সঠিক চিনেছিলেন।

আমি গলা জলে ডোবা কলা বৌ/ আর তলা খসে যাওয়া বালতি /যে আমার করে উপকার তাঁর বাপ তুলে আমি গাল দিই…/ বিনি চুনে সাঁচি পান খাই আমি বিনি নুনে খাই আন্ডা / কানমোলা খেয়ে রেগে জ্বলে উঠি লাথি খেয়ে হৈ ঠাণ্ডা…/ জুড়ি গাড়ি চেপে শুড়ি বাড়ি যাই আমি তাড়ি খোর মহা তাড়িখোর / আমি কদমগাছের মগডালে বসে গোপললনার শাড়িচোর / আমি মুরুলি বাজাই শাড়ি চোর/


নাট্যকর্মী ও নাট্য পরিচালক, লেখক এবং রাজনৈতিক ও সমাজকর্মী। জন্ম, বেড়ে ওঠা ও বসবাস কলকাতায়। ‘সিপিটি’ ও ‘অনার্য’ নামের দুটি নাট্যদলের সঙ্গে যুক্ত থেকেছেন দীর্ঘ সময়। থার্ড থিয়েটার বা তৃতীয় ধারার থিয়েটারের একনিষ্ঠ কর্মী ছিলেন।

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top