
।। গোঁসাই পাহলভী ।।
মাহির প্রদর্শীত কাজগুলোকে তিনটি পর্বে দেখতে পারলে আমাদের জন্যে সুবিধা হয়। আত্মপ্রতিকৃতি, রিলেশন প্রাকটিস বা সম্পর্ক চর্চা, এই সম্পর্ক চর্চায়, পরিবার থেকে রাজনীতি, দেহ থেকে বিদেহ হাজির। আত্মপ্রতিকৃতিগুলোতে মানব জীবনে ঘটে যাওয়া নানান অভিব্যক্তির প্রকাশ ঘটেছে, বিস্ময়, বিহ্বলতা থেকে ক্লাউন, বিষন্নতা, বিভ্রম, বিচ্যুত প্রায় সবই। সম্পর্কচর্চার অনুষঙ্গে পরিবার, পরিবারের আবহে প্রত্যেকের অবস্থান, নিজেকে তার মধ্যে প্রতিস্থাপন করার মধ্যে দিয়ে সারফেসের ভেতরকার ট্রমা এবং ট্র্যাডিশন যেভাবে ভাঙছেন, বাস্তবতাকেও ভেঙেচুরে সৃষ্টি করেছেন এক পরাবাস্তব আবহ। ঠিক এ কারণেই এইসমস্ত কাজগুলোকে আমরা ব্যক্তিগত জার্নাল বলে আর চালিয়ে দিতে পারবো না। ব্যক্তি থেকে তাঁর শিল্পকর্মগুলো নৈব্যক্তিকতার দিকে যাত্রা করে চূড়ান্ত সিদ্ধি লাভ করেছে, কীভাবে করেছে তা এই স্বল্প পরিসরে বলা অসম্ভব।
মাহিপয়েসিস অ্যান্ড কগনিশন

Relations such as regulation, control or function, therefore, are not relation of contiguity; they are referential relation specified by the observer who puts himself in a metadomain of descriptions by using his view of the whole as a reference for his description of the participation of the components that he describes in the constitution of the composite unity .
(Humberto R. Maturana and Francisco J. Varela; Autopoiesis and Cognition).
ক.
‘মাহিকে নিয়ে লিখতে হবে, মাহির কাজগুলোকে আরো বেশি পর্যবেক্ষণ করতে হবে, গবেষণা করার নানান উপাদান ওনার কাজে কখনো ঘণসংবদ্ধ, কখনো ছড়িয়ে ছিটিয়ে’। ভাবনাটা যখন এরকম তখন তার বাস্তবায়নের জন্যে যতটুকু সময় দেয়া আবশ্যিক ততটুকু না দেয়াটা অন্যায়। তবুও দু’য়ক কলম লিখতে হচ্ছে। এই লেখা সুতরাং পাঠকের কাছে নিবেদন, যেন প্রস্তুতি পর্ব হিসাবে দেখা হয়।
খ.
মাহি নিজের কাজ নিয়ে লিখে গেছেন। সেসব লেখার সাথে পাঠক তার ছবিকে মিলিয়ে পাঠ করে নিতে পারবেন কিছুটা হলেও, যতটুকু লিখে গেছেন, সেটা তাঁর বোধ, বুদ্ধি, দর্শনানুভুতি, সর্বোপরি জীবন-যাপনের কিছু ইশারা। ফলে, মাহি নিজের কাজের বিষয়ে যে বক্তব্য রেখে গেছেন, সেসব শিল্পকর্ম সৃষ্টির ভেতরকার উপাদান। অর্থাৎ তিনি যা বলে গেছেন, এঁকে গেছেন, সেসব তাঁর অংশ। কিন্তু, আমরা যখন তার কাজগুলোর বিষয়ে তাঁর লেখা পড়তে যাবো, তখন, আমরা পাঠকের জায়গা থেকে পাঠ করবো। এই যে পাঠকের বা দর্শকের জায়গা, শিল্পীর সাথে এখানেই ‘পয়েন্ট অব ভিউ’ এর পরিবর্তন ঘটে। দর্শক তখন হামবার্তো মাতুরানার ভাষায়,‘অহুঃযরহম ংধরফ রং ংধরফ নু ধহ ড়নংবৎাবৎ’ একজন পর্যবেক্ষকে রূপান্তর হয়। কেবল পর্যবেক্ষকের জায়গা থেকে একটা বস্তুর যথার্থতা নির্ণয় করা যায় না। সে ক্ষেত্রে যে কাজটি করতে হয়, বস্তুর ভেতর ইন্টারফেয়ার করতে হয়। ভেঙে ভেঙে দেখতে হয়। আর এই ভাঙাভাঙির ক্ষেত্রে কিছু কিছু উপাদানকেই মূলত টুকরো টুকরো করে দেখা হয়, এই খণ্ডখণ্ড করে দেখতে গিয়ে উপাদানের সাথে সামগ্রীকতার সংযোগ, সেখানে ব্যবচ্ছেদ তৈরী হয়। ফলে, এই যে পার্শিয়াল দেখা, স্পেসিফিক দেখা, এই দেখা আমাদের পূর্ণতা দেয় না, এ ধরণের বিপদ জেনেও দু’য়েক কথা লিখতে হচ্ছে..
মাহির সাথে প্রথম যেদিন দেখা হয়, শিল্পীর নিজ আবাসস্থলেই। ড্রইংরূমে ঢুকে প্রথমেই চোখে পড়লো দেয়ালে ঝুলানো ক্যানভাস, শিল্পী কামরুল হাসানের একটা পেইন্টিং, অন্য দেয়ালে জয়নুল আবেদিনের ড্রইং। সেদিন বেশ অবাক হয়েছিলাম এই ভেবে যে, এরকম দুই আচার্য শিল্পীর কাজ যে গৃহে আছে, এতো, শিল্পপ্রেমিকদের আরাধ্য। আমি তখনো জানি না যে, আমার জন্যে আরো বড় বিস্ময় অপেক্ষা করছিলো, যখন জানতে পারলাম, শিল্পকর্ম দু’টো মৌলিক নয়, কপি। এবং কপি কাজের স্রষ্টা আফ্রিদা তানজিম মাহি। সময়টা আনুমানিক ২০১১ ইং। শিল্পীর বয়স তখন ১৪ বছর।
এরপর আমি তার কাজগুলো দেখেছি, প্রদর্শীত হয়নি এমন অনেক কাজও আমার দেখার সৌভাগ্য হয়েছিল। সত্যিকথা বলতে কি, জয়নুল কিংবা কামরুল হাসানের কাজ কপি করেছেন যখন, তখন তার বয়স হবে সর্বোচ্চ ১১ কিংবা ১২। আমার কাছে তারও অধিক বিস্ময় ছিলো মাহি’র ক্রিয়েটিভ কাজগুলো দেখা। কারণ, জয়নুল আবেদিনের ড্রইং, কিংবা কামরুলের পটুয়া এবং কিউবজের মিথস্ক্রিয়াধর্মী ড্রইংগুলোকে কপি করা মূলত বাস্তবধর্মী রেখাচিত্রে সিদ্ধহস্ততার প্রমাণ। এর সাথে রয়েছে সিলেকশন। দুই জাতীয়তাবাদী তাত্ত্বিক শিল্পীদের ধারণ করে কীভাবে তিনি তাঁর এই শিল্পভাণ্ডার রচনা করেছেন সেটাই জিজ্ঞাসা। দ্বিতীয়, বাংলাদেশের আধুনিক শিল্পকলা বলে আজকে যে পরিচয়টি দাঁড়িয়েছে, সেখানে, আমরা দেখতে পাবো, পাশ্চাত্যের প্রভাবকে আত্মস্থ করে নবতর শিল্পী সৃষ্টি হয়েছে, এমনটা কম। যতটুকু দেখা যায়, শিল্পকর্মে পাশ্চাত্যকে ঠিক ততটা গোপন করা যায়নি। মাহির শিল্পকর্মের দিকে তাকালে একটা কথা স্পষ্ট করে বলা যায়, তাঁর কাজে পাশ্চাত্যের প্রভাবকে দেখা যাবে, কিন্তু কোথাও আপনি ধরিয়ে দিতে পারবেন না, চিহ্নিত করতে পারবেন না। অর্থাৎ তাঁর কাজের উপরে, তাঁর চিন্তায় যে প্রভাব পড়েছে, ক্যানভাসে তার নবজন্ম ঘটে গেছে।

একবার মাহিকে জিজ্ঞেস করেছিলাম, ফবইজমকে আপনি কিভাবে আত্মস্থ করলেন? এই যে চাপচাপ রং, বেসিক রঙগুলো, অথচ কি সুবিন্যস্ত বিন্যাসে.. মাহি তখন একটা মুচকি হাসি দিয়ে বললেন: আরো কিছু কাজ আছে, আপনাকে দেখাচ্ছি! এভাবে তাঁর যত কাজ দেখছি পাশাপাশি আমাকে সাহায্য করেছিল ফরাসী শিল্পী মাতিস, জার্মান এক্সপ্রেশনিস্ট শিল্পী এডওয়ার্ড মুনখ, ফ্রিদা কাহলো, ভিক্টও হুগো, সাইকিডালিক রক, পিংক ফ্লয়েডের মিউজিক ভিডিও, লাতিন ফোক, অলঙ্কারধর্মীতা, ভ্যান গঘের ফিগার প্রেজেনটেশন, সেজানের জ্যামেতিক ভাঙাগড়া। কিন্তু তারা যতটুকু সাহায্য করেছিল, তারও অধিক এক মানসিক পৃথিবীতে আমি যেন এক অপরিণত শিশুদর্শকে পরিণত হচ্ছিলাম! এইসব বিশেষ্য, ইজমগুলো বড় জোর আপনাকে মাহির কাজের প্রধান ফটকের সামনে দাঁড় করাবে, গৃহে প্রবেশে কতটুকু সাহায্য করবে বলা মুশকিল!
মাহির প্রদর্শীত কাজগুলোকে তিনটি পর্বে দেখতে পারলে আমাদের জন্যে সুবিধা হয়। আত্মপ্রতিকৃতি, রিলেশন প্রাকটিস বা সম্পর্ক চর্চা, এই সম্পর্ক চর্চায়, পরিবার থেকে রাজনীতি, দেহ থেকে বিদেহ হাজির। আত্মপ্রতিকৃতিগুলোতে মানব জীবনে ঘটে যাওয়া নানান অভিব্যক্তির প্রকাশ ঘটেছে, বিস্ময়, বিহ্বলতা থেকে ক্লাউন, বিষন্নতা, বিভ্রম, বিচ্যুত প্রায় সবই। সম্পর্কচর্চার অনুষঙ্গে পরিবার, পরিবারের আবহে প্রত্যেকের অবস্থান, নিজেকে তার মধ্যে প্রতিস্থাপন করার মধ্যে দিয়ে সারফেসের ভেতরকার ট্রমা এবং ট্র্যাডিশন যেভাবে ভাঙছেন, বাস্তবতাকেও ভেঙেচুরে সৃষ্টি করেছেন এক পরাবাস্তব আবহ। ঠিক এ কারণেই এইসমস্ত কাজগুলোকে আমরা ব্যক্তিগত জার্নাল বলে আর চালিয়ে দিতে পারবো না। ব্যক্তি থেকে তাঁর শিল্পকর্মগুলো নৈব্যক্তিকতার দিকে যাত্রা করে চূড়ান্ত সিদ্ধি লাভ করেছে, কীভাবে করেছে তা এই স্বল্প পরিসরে বলা অসম্ভব। কতগুলো ফিগার কম্পোজিশনে লৈঙ্গিক রাজনীতি ও অর্থনীতির মিথকে উপস্থাপণের যাবতীয় আঙ্গিকতাকে সরিয়ে দিয়ে দৃশ্যের ভেতরকার বাস্তবতাকে টুকে দিয়েছেন। গৃহের অভ্যন্তরে নারীর অবস্থান, পুরুষের অবস্থান, শিশুদের অবস্থান, একই ভাবে গৃহের বাইরে, আত্মপ্রকাশের ঝুঁকি, ফটো রিয়েলিটির ভেতর যেন এমন এক বাস্তবতাকে তিনি তুলে দিয়ে গেছেন, যা, ভয়াবহভাবে আবরণহীন হওয়ার পরেও আমাদের কাছে দুর্বোধ্য হয়ে দাঁড়ায়। মানসিক এমন এক স্তরকে রঙে রেখায়, ফর্মে হাজির করে গেছেন, যার অর্থ, হয়তো যাপনের মর্ম থেকে উদ্ধার করতে হবে।সম্পর্ক চর্চায় নিয়ন্ত্রণ, নিয়মানুবর্তিতা, ফাংশন, এইসব কেবল বায়োলজিক্যালি যেমন কার্যকর থাকে না, মনস্তাত্ত্বিক, সামাজিক এবং আর্থ-সামাজিক-রাজনৈতিক বাস্তবতায় এমন চরিত্র ধারণ করে, যাকে অতিক্রম করা ততটা সহজও নয়। এই ক্ষেত্রে শিল্পকর্ম একটা এক্সিট পয়েন্ট, কিন্তু সম্পর্ক চর্চায় মাতুরানার ‘অবজারভার’ কেন্দ্রিকতাকে অতিক্রম করে কেহ আর এগিয়ে আসে না। ফলে, কম্পোনেন্ট হিসাবে ‘অংশ’ হওয়ার থেকে ‘আপনার মানুষ বাহিরেই দাঁড়িয়ে রয়’। মাহির কাজে এই আপন আর পরের মিশেল, প্রত্যেকের আত্মমগ্নতার ভেতর বিন্যাসগত ইউনিটি দিয়ে প্রায় অধিকাংশ কাজেই রেখে গেছেন এক অনন্ত দিকনির্দেশনা। এ কারণেই মাহির কাজের মনস্তাত্তি¦ক বিশ্লেষণ এখানে জরুরী হয়ে যায়। অথচ, ইন্টারফেয়ারের সীমাবদ্ধতা দর্শককে কিছুটা হলেও দমিয়ে দেবে।
গ.
And remember, a person who cannot love himself because he goes on condemning himself cannot love anybody else either. A perfectionist is not only a perfectionist about himself, he is about others also. A man who is hard on himself is bound to be hard on others. His demands are impossible.
(Osho, Compassion, The healing Power of Love, Page. 130).
ফিরে যাওয়া সিদ্ধান্ত এতটাই নিরবে ঘটে, কিংবা এমন সাংকেতিক ঘন্টা বাজে যার ছন্দ আমরা ধরতে পারিনা। যুক্তিযুক্ততার মধ্যে দিয়ে যেখানে যোগ ঘটবার কথা, সেখানে যুক্তিকে প্রয়োগ করা হয় বিযুক্তের প্রয়োজনে। সমাজ থেকে, রাষ্ট্র থেকে, সৃষ্টি, সভ্যতা ও গতির ধারণা থেকে এভাবেই অনেক অনেক ছিটকে যাওয়া ঘটে। ঘটনাচক্রে আমরা তার দেখা পাই, ঘটনা চক্রই যোগাযোগের সেতু হয়ে ওঠে!
ঘ.
মাহি’র প্রদর্শনী পরিকল্পনার শুরু থেকেই আমি যুক্ত ছিলাম। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল শিল্পকলা একাডেমি সেগুনবাগিচায় প্রদর্শনী হবে। ওর পোর্টফোলিও নিয়ে একাডেমির ডিজি সাহেবের কাছে যাওয়ার কথা। সময় স্বল্পতার কারণে কলাকেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আমার থাকার কথা ছিলো, কিন্তু যাওয়া হয়নি। চট্টগ্রামে বিস্তার আর্টস কমপ্লেক্সেও একই কাজ নিয়ে প্রদর্শনীটি চলছে।
ঢাকায়, ‘লস্ট ইন ট্রানজিশন’ শুরু হয় ১২ জানুয়ারী ২০১৮। এর ঠিক তিন দিনের মাথায় অর্থাৎ ১৫ জানুয়ারী ফেসবুকে ঢুকে একটি এ্যাপস দেখতে পেলাম যেখানে লেখা আছে,‘ মা সরস্বতী তোকে কি বলতে চায়?, ফলাফল আসলো,‘যে চলে গেছে, তাকে ভুলে যা, তুই ভালো থাকবি’। এর ঠিক কয়েক ঘন্টা পরেই ফেসবুকে স্টাটাস দিয়েছি, ‘আফ্রিদা তানজিম মাহি (১৯৯৭-২০১৮) এভাবে ফাঁকি দিয়ে চলে গেলি মা’! এই চলে যাওয়ার পরে যতটুকু রেখে গেছেন, তার ব্যপ্তি তাঁর বয়সকেও নিঃসন্দেহে অতিক্রম করেছে!

গোঁসাই পাহলভী: একজন বাংলাদেশী বহুমুখী প্রতিভাধর শিল্পী, কিউরেটর, গীতিকার, লেখক এবং সাংস্কৃতিক কর্মী।

