আজ বৃহস্পতিবার, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিচলনের বিম্ব

শেষরাতে
অহেতু ঘুম যার ভাঙে
সে নদী ভাঙে
সাঁতার জানে না
কিন্তু কুমুর মনের শরীরে
তার মতো কেউ
ডুব দিতে শিখেনি!
ভোরে যুক্তিপ্রবাহ জ্বলে যায়
শিশিরে আগুন সাজায়।
সমতলে চড়ে বেড়ানো বন্যপ্রেম
পাহাড়ে পলাতক চুমু ধীরে ধীরে
গেরিলা দুপুর হয়ে নামছে
আমাদের ঠোঁটের পাতালে।
পাখির ঢেউয়ে
ভেসে যাচ্ছে আকাশের বিকাল—

দুনিয়া বিপুল ঘুমিয়ে গেছে।
আমার এইটুক জেগে থাকা;
যেন বিনোদ শুক্লার কাতর কবিতা!
দূর দরিয়ায়
একটা স্রোতের লাশের কাছে
আর একটা স্রোতের জন্ম আছড়ে পড়ছে।
তোমার মনের বনে
নেমে আসা কুয়াশায়
ভিজে যাচ্ছে
আমার অনাগত এপিটাফ—

যত উৎখাত করি
তত আমি জেঁকেবসি
অতিনাজুক বাংলা কবিতায়;
কীভাবে নেবে সে
উইন্টার- অ্যসিডেরমতো
এত আমার ভার !
চোখের আবহাওয়া যা-ই থাকুক,
মন জানে
দুনিয়া দ্রষ্টব্যে সীমাবদ্ধ।
নিরিবিলি রাতভর ভায়াব্রেশন,
একটা ফুল
অন্য একটা ফুলের
ঝরে পড়ার
নৈঃশব্দ্যেমুখর।
অলীক বস্তির চুলায়
ডাল রাঁধা হয়
কেউ তাতে
জলপাই দেয়,
পশুরাও পিকনিক শেষ করে
অসহ্য শৃঙ্খলায় ফিরে।
স্থির-কম্প বাংলা কবিতা;
যত উৎখাত করি
তত আমি ক্ষণিক,
তত অনন্ত—

কারও হৃদয় এতটা অস্পষ্ট
কুয়াশাও তাকে ঠিকঠাক ঠাহর করতে পারে না।
সে তখন সেই হৃদয়ের ধারেকাছে
হিমঝাঁপসা একটা ক্যাম্প ফেলে।
অনেক অস্পষ্টতা নিয়ে
একটা বছরগত পরশু ডুবে গেছে।
আরও অনেক অস্পষ্টতা নিয়ে,
আগামীর কোনও পরশুতে
অন্য একটা বছর ডুবে যাবে।
মাঝরাতের মেহফিলে চিরকাল
অল্প কেউ কেউ শ্রোতা হয়ে থাকে,
অসময়ে যারা জীবনমুখী গান গাইবে
তারা মৃত্যুর মতন মেকাপ করে এসেছিল।
যারা দেখতে পরিদের কাছাকাছি
ট্র্যাজেডি হচ্ছে, তারা জলদি ঘুমিয়ে পড়ে!
কয়েকটা অঘুমা পাখি শিশিরে গোসল সারছে,
আকাশ আমার দিকে নিশিনীল চুল ছেড়ে
তোমার চোখে আনমনে,
একটু ঘুম বুনে দিতে চাইছে—

অনাদি-অতীত রোদ
এখন ছায়া
ছায়া হয়তো না
যেখানে উপচে পড়ে
হতে পারে তা পৃথিবী
সেখানে
অনেক কয়টা বাজে মাঝে মাঝে
যেমন বিকাল সাড়ে ৩টা
বাড়ি আছে যাদের
তাদের কেউ কেউ
প্রায়শই ভালোবাসে স্যানাটোরিয়াম
আর দু’য়েকজন বসে থাকে
অনেক কাজ আছে
বেঁচে থাকা ও মরেযাওয়ারমেহনতআছে
তারাশুধুতাকিয়েথাকে
স্থিরদৃশ্যেতাদেরচোখঅস্থির
প্রগাঢ় কুসুম-ঝরাবন
সেসব বিচলনের বিম্ব ধরে রাখে
ধারণা ও ধারণাতীত প্রবাহে-প্রবাহে

জন্ম ২১ ডিসেম্বর ১৯৮৪। কবিতাই তার পটভূমি বর্তমান আর অন্ধকার আগামী।  
piasmajid@yahoo.com

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top